বিজ্ঞাপন

প্রাথমিক বিদ্যালয়ে ‘খেলার ছলে শেখা’ কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ে ‘খেলার ছলে শেখা’ কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সময়মতো ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে ছবি আঁকা, মাটির কাজ ও বিভিন্ন উপকরণ সাজানোর মাধ্যমে ‘খেলার ছলে শেখা’ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

সম্প্রতি অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। উপপরিচালক (চলতি দায়িত্ব) খাদিজা পারভীন স্বাক্ষরিত নির্দেশনাটি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষার অংশ হিসেবে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং সময়মতো ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে ছবি আঁকা, মাটির কাজ ও উপকরণ সাজানোর মাধ্যমে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক সহায়িকা রয়েছে। এসব সহায়িকার আলোকে শ্রেণিভেদে শিক্ষার্থীদের বিভিন্ন ছবি আঁকতে উৎসাহিত করতে হবে। পাশাপাশি মাটি দিয়ে বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করানোর ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের তৈরি করা উপকরণ ও আঁকা ছবি শ্রেণিকক্ষে প্রদর্শন করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা এবং বিদ্যালয়ের প্রতি আগ্রহ তৈরি করা সম্ভব হবে।

এ ছাড়া শ্রেণিকক্ষে আনন্দময় পরিবেশে কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়কে নিজেদের প্রিয় প্রাঙ্গণ হিসেবে মনে করে এবং বিদ্যালয়ে অবস্থানকালে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করে।

আরএইচটি/এসএইচএ