শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলের সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৭ জুন) বুয়েটের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আবাসনের সমস্যা থাকলে পড়াশোনাতেও বিঘ্ন ঘটে। বুয়েটের আবাসিক হলগুলোতে আসনসংখ্যার অপ্রতুলতা রয়েছে এবং এ সমস্যার সমাধান করা সংশ্লিষ্টদের দায়িত্ব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানে উদ্যোগ নেওযা হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার মানোন্নয়নে ‘রিসার্চ গ্র্যান্ট’ বৃদ্ধি করা হবে। একইসঙ্গে গবেষণায় ব্যবহৃত ল্যাবগুলোর আধুনিকায়নেও পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে অনেক ল্যাবে পুরোনো যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। এসব ল্যাবকে আরও আধুনিক ও মানসম্মত করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
আবরার ফাহাদকে স্মরণ করে তিনি বলেন, বুয়েটের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তবে মেধাবী শিক্ষার্থীরাও কখনো কখনো বিপথগামী হতে পারে। তার স্মৃতি (আবরার ফাহাদ) সংরক্ষণের অংশ হিসেবে আবরার ফাহাদের নামে একটি হল প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।
আরএইচটি/জেডএস
