বিজ্ঞাপন

সোমবার বিজ্ঞান প্রজেক্ট শোকেসিং ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সোমবার বিজ্ঞান প্রজেক্ট শোকেসিং ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

আনন্দময় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জোড়া উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর অংশ হিসেবে সোমবার (২৯ জুন) ঢাকার ‘বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ জাতীয় পর্যায়ের ‘বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

একই দিনে পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের ২৯ হাজার ছয়শ ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শুরু হচ্ছে মেগা বৃক্ষরোপণ কর্মসূচি।

মাউশি সূত্রে জানা গেছে, দেশের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে দেশব্যাপী উপজেলা, জেলা, মহানগর ও জাতীয় পর্যায়ে এই শোকেসিং প্রোগ্রামটির আয়োজন করা হয়। প্রতি দলে তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক অংশ নেন। গত ১২ জুন দেশের ৫২১টি উপজেলা ও মহানগরের শিক্ষা থানায় সফলভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়, যেখানে আট হাজার ২৯টি দলে মোট ২৭ হাজার দুইশ ৪ জন শিক্ষার্থী এবং ১৬ হাজার ৫৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন। পরে উপজেলা পর্যায় থেকে বাছাই করা ৫৪৬টি দল ১৪ জুন জেলা পর্যায়ে তাদের স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শন করে।

ঢাকার বিএএফ শাহীন কলেজ মিলনায়তনে আয়োজিত ঢাকা জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খুদে উদ্ভাবকদের অনুপ্রেরণা দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। উপজেলা ও জেলার সেরা প্রজেক্টগুলোর মধ্য থেকে নির্বাচিত সেরা ১০০টি দল আগামীকাল (সোমবার) জাতীয় পর্যায়ের মূল আসরে তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করবে। জাতীয় পর্যায়ের এই চূড়ান্ত প্রদর্শনী থেকে সেরা ১০টি দলকে বিশেষ ট্রফি দেওয়া হবে।

এছাড়া, শিক্ষকদের মধ্য থেকে ‘সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার’ (৩০ হাজার টাকা ও সনদ) এবং শিক্ষার্থীদের মধ্য থেকে ‘উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার’ (২০ হাজার টাকা ও সনদ) দেওয়া হবে।

এদিকে, বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং প্রতিটি শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাঙ্গনে শুরু হচ্ছে নতুন ধরনের এক সবুজায়ন কর্মসূচি। এর আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ৫ কোটি গাছ লাগানোর বিশাল পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্টরা জানান, ২৯ জুন (সোমবার) দেশের ২৯ হাজার ছয়শ ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে তিনটি করে (১টি ফলদ, ১টি বনজ ও ১টি ঔষধি) গাছ রোপণ করা হবে। এর মধ্যে রয়েছে ১৮ হাজার নয়শ ৭টি বিদ্যালয়, ১ হাজার চারশ ৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং নয় হাজার দুইশ ৬৮টি মাদ্রাসা।

এছাড়া সোমবারের এই মেগা বৃক্ষরোপণ কর্মসূচিটি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে উপস্থিত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে যুক্ত হবেন।

আরএইচটি/জেআই/জেডএস

বিজ্ঞাপন