বিজ্ঞাপন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

রানিং সেশনের সব শিক্ষার্থীকে অন্তর্ভুক্তির দাবি, ৫ কর্মদিবসের আল্টিমেটাম

রানিং সেশনের সব শিক্ষার্থীকে অন্তর্ভুক্তির দাবি, ৫ কর্মদিবসের আল্টিমেটাম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রানিং সেশনের সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আওতায় অন্তর্ভুক্ত করা এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থীদের একাডেমিক পরীক্ষা নিশ্চিত করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাঁচ কর্মদিবসের আল্টিমেটাম দিয়েছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে লিখিত সিদ্ধান্ত না এলে চলমান সব ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেছেন।

রোববার (২৮ জুন) ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবির কথা জানানো হয়।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের সেশনজট, ফলাফল জট, প্রশাসনিক জটিলতা ও একাডেমিক অনিশ্চয়তার অবসান ঘটানো। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরও রানিং শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আওতায় অন্তর্ভুক্তির বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত না হওয়ায় হাজারো শিক্ষার্থী অনিশ্চয়তায় রয়েছেন। তাদের ভাষ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুফল শুধু নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না; আন্দোলন ও দীর্ঘ প্রতীক্ষার অংশীদার রানিং সেশনের শিক্ষার্থীদেরও সমানভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, একই ক্যাম্পাস, একই শিক্ষক, একই অবকাঠামো ও একই একাডেমিক ব্যবস্থার অধীনে অধ্যয়ন করেও একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পরিচয় পেলেও অন্যরা বঞ্চিত থাকছেন, যা স্পষ্ট বৈষম্য। তাই অবিলম্বে সব রানিং শিক্ষাবর্ষকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রানিং সেশন হিসেবে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থীদের একাডেমিক পরীক্ষা নিশ্চিত করার দাবি জানান তারা।

এ ছাড়া শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— অন্তর্ভুক্তির বিষয়ে দ্রুত সরকারি প্রজ্ঞাপন বা প্রশাসনিক আদেশ জারি, রানিং সেশনগুলোর জন্য যুগোপযোগী একাডেমিক কারিকুলাম, নিয়মিত পরীক্ষা ও নির্ধারিত সময়ে ফল প্রকাশ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক, প্রশাসনিক, পরিচয়গত ও সনদসংক্রান্ত সুবিধা সমানভাবে প্রদান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত বৈঠক করে অন্তর্ভুক্তির সুনির্দিষ্ট রোডম্যাপ ও সময়সীমা ঘোষণা করা।

দাবিগুলো আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ না নিলে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এমএইচএন/জেডএস

বিজ্ঞাপন