বিজ্ঞাপন

এসিবিএসপির নতুন চেয়ার আইইউবির অধ্যাপক মামুন হাবিব

এসিবিএসপির নতুন চেয়ার আইইউবির অধ্যাপক মামুন হাবিব

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল ‘অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামস’ (এসিবিএসপি)-এর মেম্বার রিলেশনস কমিটির ২০২৬-২৭ মেয়াদের চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব।

গত ১০ থেকে ১৩ জুন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অনুষ্ঠিত এসিবিএসপির ২০২৬ সালের বার্ষিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। বিদায়ী চেয়ার ও যুক্তরাষ্ট্রের ডোনা আনা কমিউনিটি কলেজের ডিন অব অ্যাডভান্সড টেকনোলজিস, ড. লরা ডে লা ক্রুজ নবনিযুক্ত চেয়ার অধ্যাপক মামুন হাবিবের কাছে এই দায়িত্ব তুলে দেন। এর আগে চলতি বছরের জানুয়ারিতে তিনি এই কমিটির ‘চেয়ার-ইলেক্ট’ নির্বাচিত হয়েছিলেন।

এসিবিএসপি বিশ্বজুড়ে ব্যবসায়িক শিক্ষার মান নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে বিশ্বের প্রায় দুই হাজার বিজনেস স্কুল এই কাউন্সিলের সদস্য। এর মধ্যে আইইউবিসহ প্রায় এক হাজার প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ অ্যাক্রেডিটেশন লাভ করেছে এবং বাকিরা প্রক্রিয়াধীন রয়েছে। সাধারণত সদস্য প্রতিষ্ঠানগুলোর ডিন বা বিভাগীয় প্রধান পর্যায়ের শিক্ষাবিদেরা এই কাউন্সিলে প্রতিনিধিত্ব করেন। আইইউবির স্কুল অফ বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ২০১৭ সালে এসিবিএসপি থেকে ১০ বছরের জন্য অ্যাক্রেডিটেশন পায়, যা ২০২৭ সালে পুনর্মূল্যায়ন হওয়ার কথা রয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে অধ্যাপক মামুন হাবিব বলেন, এসিবিএসপি মেম্বার রিলেশনস কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন বিশ্বের বিভিন্ন বিজনেস স্কুলের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখার সুযোগ তৈরি করবে। একজন শিক্ষাবিদের জন্য এটি উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ ও ব্যবসায় শিক্ষার আন্তর্জাতিক চর্চার সঙ্গে যুক্ত থাকার সুযোগ। একই সঙ্গে এটি বৈশ্বিক সম্পৃক্ততা, অ্যাক্রেডিটেশন মানদণ্ড অনুসরণ এবং উচ্চশিক্ষার ধারাবাহিক উন্নয়নে আইইউবির অঙ্গীকারের প্রতিফলন।

তিনি দেশে ও বিদেশে শিক্ষকতা ও গবেষণায় ২৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তার ২৫০টির বেশি গবেষণা প্রকাশনা রয়েছে, যার মধ্যে ৮০টিরও বেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কোপাস ও ওয়েব অব সায়েন্সে সূচিভুক্ত। এছাড়া, তিনি বিশ্বের বিভিন্ন দেশে শতাধিক আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং ২৫০টির বেশি ওয়েবিনার ও কর্মশালা পরিচালনা করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাসোসিয়েশন টু অ্যাডভান্স কলেজিয়েট স্কুলস অব বিজনেসের ভার্চুয়াল অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জেআই/

বিজ্ঞাপন