বিজ্ঞাপন

সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজের বাজেট চাহিদা পাঠানোর নির্দেশ

সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজের বাজেট চাহিদা পাঠানোর নির্দেশ

কারিগরি শিক্ষা অধিদপ্তর আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য সুষম ও নির্ভুল বাজেট বরাদ্দ নিশ্চিত করতে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালন চাহিদার তথ্য আহ্বান করেছে। এ লক্ষ্যে নির্ধারিত বাজেট ফরম যথাযথভাবে পূরণ করে এক সেট সফটকপি ই-মেইলে এবং এক সেট হার্ডকপি সরাসরি আজ মঙ্গলবারের (৩০ জুন) মধ্যে অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের শাখা-৬ (ভোকেশনাল-২)-এর সহকারী পরিচালক নাসরীন সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (www.techedu.gov.bd) অথবা নিজ নিজ প্রতিষ্ঠানের ই-মেইলে পাঠানো বাজেট ফরমের সফটকপি যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণ করা সফটকপি [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। পাশাপাশি এর এক সেট হার্ডকপি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত কারিগরি শিক্ষা অধিদপ্তরে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।

বাজেট চাহিদা পাঠানোর ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তও নির্ধারণ করেছে অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী, সংযুক্ত ছকে দেওয়া জনবলের তথ্যের সঙ্গে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতার পূর্ণ সমন্বয় থাকতে হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি নগদায়ন এবং শ্রান্তি ও বিনোদন ভাতা প্রাপ্য জনবলের যাচাই করা তালিকার ভিত্তিতে বাজেট চাহিদা প্রস্তুত করতে হবে।

এ ছাড়া প্রতিষ্ঠানের বিদ্যুৎ, পানি, টেলিফোন, পৌর কর ও ভূমি কর পরিশোধের হালনাগাদ চাহিদা অন্তর্ভুক্ত করতে হবে। কোনো খাতে বকেয়া থাকলে সংশ্লিষ্ট অর্থবছর ও বকেয়ার পরিমাণ মন্তব্য কলামে স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তর আরও জানিয়েছে, বাজেট চাহিদায় প্রয়োজনের অতিরিক্ত ঘাটতি দেখানো হলে এর দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ অথবা আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে বহন করবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাজেট চাহিদার আবেদনের সঙ্গে মোট সাতটি ছক পূরণ করে জমা দিতে হবে। এগুলো হলো— জনবল ও অফিস সরঞ্জামাদির তথ্য ছক, সংশ্লিষ্ট উপখাতসম্বলিত বাজেট চাহিদার বিবরণী, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার বিবরণী, ছাত্র-ছাত্রীর পরিসংখ্যান, শিল্পকারখানায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য, শ্রান্তি ও বিনোদন ভাতা এবং পিআরএল গমনসংক্রান্ত তথ্য, এবং মালামাল ও যন্ত্রপাতি কেনার তথ্যসংবলিত ছক।

আরএইচটি/এসএম