বিজ্ঞাপন

জাল সনদে চাকরির অভিযোগ, বন্ধ হলো ১৩ শিক্ষকের বেতন

জাল সনদে চাকরির অভিযোগ, বন্ধ হলো ১৩ শিক্ষকের বেতন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) তদন্তে সনদ ও সুপারিশপত্র জাল প্রমাণিত হওয়ায় দেশের বিভিন্ন এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত ১৩ জন শিক্ষকের বেতন-ভাতা (এমপিও) বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কোষাগার থেকে নেওয়া সব টাকা ফেরত নেওয়া এবং সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে জারি করা এক দাপ্তরিক আদেশে এই কঠোর সিদ্ধান্তের কথা জানানো হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও এমপিও বাছাই এবং অনুমোদন কমিটির সদস্য সচিব মোহাম্মদ শুকুর আলম মজুমদারের সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষকদের শিক্ষক নিবন্ধন সনদ ও নিয়োগের সুপারিশপত্র ভুয়া প্রমাণিত হওয়ায় ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬’-এর ১৮.১ (গ) এবং (ঙ) অনুচ্ছেদ অনুযায়ী মে/২০২৬ মাসের এমপিওশীট থেকে তাদের ইনডেক্স কেটে দেওয়া হয়েছে। জালিয়াতির আশ্রয় নেওয়া এই শিক্ষকেরা যাতে আর কোনো সরকারি আর্থিক সুবিধা না পান, সে লক্ষ্যে তাদের বেতন সুবিধাও স্থায়ীভাবে স্থগিত করা হলো।

একই আদেশে, ওই ১৩ জন জাল সনদধারী শিক্ষক চাকরি নেওয়া থেকে শুরু করে এ পর্যন্ত সরকারি তহবিল থেকে বেতন-ভাতা বাবদ যত টাকা উত্তোলন করেছেন, তার সব অর্থ অবিলম্বে সরকারি কোষাগারে (ট্রেজারিতে) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর অধ্যক্ষ ও সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা দ্রুততম সময়ের মধ্যে এই শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে ফৌজদারি মামলা দায়ের করেন।

অধিদপ্তরের তালিকা অনুযায়ী অভিযুক্ত শিক্ষকেরা হলেন— সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলকপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার মো. নুরুজ্জামান, রংপুরের তারাগঞ্জ ওয়াল্ফ এস্টেট কামিল মাদ্রাসার মো. মাহবুব রশিদ, পিরোজপুরের উন্দুরকানীর বাটাজোড় আলিম মাদ্রাসার মো. আব্দুর রহমান ও মো. মাসুম বিল্লাহ, কুড়িগ্রামের নাগেশ্বরীর নেওয়াশী ইসলামিয়া আলিম মাদ্রাসার মো. হারুনুর রশিদ, বাগেরহাটের রামপালের মল্লিকেরবেড় ফাযিল মাদ্রাসার করিমা খাতুন এবং সাতক্ষীরার শ্যামনগরের পাতাখালি ফাযিল মাদ্রাসার বিশ্বজিৎ সমাদ্দার।

এই তালিকায় আরও রয়েছেন— কুমিল্লার বরুড়ার পাঁচখুবী আহমদিয়া ফাযিল মাদ্রাসার শাহিদুল হক, গাজীপুরের কাপাসিয়ার বেলাশী মদিনাতুল উলুম বালিকা আলিম মাদ্রাসার মো. রোকনুজ্জামান, ঢাকার আজিমপুরের সাতবাড়ীয়া শাহ আমানত (র:) দাখিল মাদ্রাসার জালাল উদ্দিন, কাপাসিয়ার বড়িবাড়ী বালিকা দাখিল মাদ্রাসার হাসিনা, একই এলাকার একডালা আউয়ালিয়া বালিকা আলিম মাদ্রাসার মো. মাহফুজুর রহমান এবং নরসিংদীর মনোহরদীর শেখেরগাঁও জামিউল উলুম সিনিয়র ফাযিল মাদ্রাসার নাসরিন সুলতানা।

আরএইচটি/বিআরইউ