জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য গ্রুপ হাসপাতাল বিমা কার্যক্রমের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। নতুন করে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সঙ্গে নতুন এ চুক্তি সম্পন্ন হয়।
বুধবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমা চুক্তির শর্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর জন্য হাসপাতাল বিমা বাধ্যতামূলক। একইসঙ্গে তাদের স্বামী বা স্ত্রী, ৭০ বছর বয়স পর্যন্ত পিতা-মাতা এবং ২৫ বছর বয়স পর্যন্ত সন্তানরাও হাসপাতাল বিমার সুবিধা পাবেন।
এতে আরও উল্লেখ করা হয়, চলতি অর্থবছরে যারা পোষ্যদের নাম বিমা তালিকায় সংযোজন বা বিয়োজন করতে চান, তাদের ১ জুলাই থেকে ৭ জুলাইয়ের মধ্যে পরিচালক, অর্থ ও হিসাব বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্ত করে অর্থ ও হিসাব দপ্তরের কল্যাণ শাখার ২০২ নম্বর কক্ষে জমা দিতে হবে।
এছাড়া আবেদনকারীদের ৭ জুলাই থেকে ৯ জুলাইয়ের মধ্যে ‘পিএএমএস’ সফটওয়্যারের মাধ্যমে পোষ্যদের নাম সংযোজন বা বিয়োজন সম্পন্ন করে এর হার্ড কপি কল্যাণ শাখার ২০২ নম্বর কক্ষে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বামী বা স্ত্রীর জন্য মাসিক ৪৩৮ টাকা, প্রতি সন্তানের জন্য ৩৯৬ টাকা এবং পিতা বা মাতার জন্য জনপ্রতি মাসিক ৪৩৮ টাকা হারে বিমা প্রিমিয়াম বেতন থেকে কর্তন করা হবে। একই সঙ্গে আজ থেকে এই প্রিমিয়াম কর্তন শুরু হবে।
এতে আরও বলা হয়, যাদের স্ত্রী এবছরের ১ এপ্রিলের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন, তারা মাতৃত্বকালীন বিমা সুবিধার আওতায় আসবেন না।
এমআরআর/এমএসএ
