বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়

দেশজুড়ে ২৩৮ কেন্দ্রে হবে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

দেশজুড়ে ২৩৮ কেন্দ্রে হবে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দেশজুড়ে ২৩৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বুধবার (১ জুলাই) ঢাকা বিভাগ ও ঢাকা মহানগরের সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একইসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে পরীক্ষাকেন্দ্র, সংশ্লিষ্ট কলেজ এবং পরীক্ষা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিস্তারিত তথ্যও জানানো হয়। 

এতে বলা হয়, ঢাকা বিভাগ ও ঢাকা মহানগরের অধীনে মোট ২৩৮টি কেন্দ্রে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ তালিকায় ঢাকা বিভাগের নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার সব পরীক্ষাকেন্দ্র এবং সংশ্লিষ্ট কলেজগুলোর বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র এবং সেসব কেন্দ্রের আওতাভুক্ত কলেজগুলোর তালিকাও প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র ও সংশ্লিষ্ট কলেজের কোড সতর্কতার সঙ্গে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে। কোনো ধরনের বিভ্রান্তি এড়াতে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের প্রকাশিত সংশোধিত কেন্দ্র তালিকা ভালোভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, ১০ জুন অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে সেটি সংশোধন করে আজ নতুন তালিকা প্রকাশ করা হয়। সংশোধিত তালিকায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সুপারভাইজিং কর্মকর্তাদের নাম ও পদবিও উল্লেখ করা হয়েছে, যেন সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করা যায়।

পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের কোড এবং নির্ধারিত কেন্দ্রের কোড মিলিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিস্তারিত কেন্দ্র তালিকা অনুসরণ করার পরামর্শ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এমআরআর/এমএসএ