জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট (আইএলবিএস) ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে ফেলোশিপসহ এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ জুলাই রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, গবেষণার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ–সংশ্লিষ্ট যেকোনো বিষয়কে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এমফিল প্রোগ্রামে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ (সনাতন পদ্ধতিতে ৫০ শতাংশ নম্বর) থাকতে হবে। একইভাবে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায়ও পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ (অথবা ৫০ শতাংশ নম্বর) অর্জন করতে হবে।
অন্যদিকে, সরাসরি পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ৩.০০ বা সমমানের ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.২৫ বা ৫৫ শতাংশ নম্বর প্রয়োজন হবে।
পিএইচডি প্রার্থীদের জন্য আরও কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। স্বীকৃত বা রিফারিড জার্নালে অন্তত দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশ থাকতে হবে, যার একটিতে প্রথম লেখক হিসেবে নাম থাকা বাধ্যতামূলক। এ ছাড়া বিশ্ববিদ্যালয় বা কলেজ পর্যায়ে কিংবা স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠানে ন্যূনতম তিন বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। তবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রিধারীরা শর্ত পূরণ সাপেক্ষে পিএইচডিতে আবেদনের সুযোগ পাবেন।
আইএলবিএস জানিয়েছে, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্দিষ্টসংখ্যক গবেষককে আকর্ষণীয় ফেলোশিপ দেওয়া হবে। শর্ত পূরণ সাপেক্ষে এমফিল গবেষকেরা দুই বছর (২৪ মাস) মেয়াদে মাসিক ১৫ হাজার টাকা এবং পিএইচডি গবেষকেরা চার বছর (৪৮ মাস) মেয়াদে মাসিক ২০ হাজার টাকা করে ফেলোশিপ পাবেন।
তবে ফেলোশিপপ্রাপ্ত গবেষকদের কোর্স চলাকালে পূর্ণকালীন ছুটিতে থাকতে হবে। এ ছাড়া এমফিল প্রোগ্রামে প্রথম বর্ষের পরীক্ষায় গড়ে ন্যূনতম ৭০ শতাংশ নম্বর বা সিজিপিএ ৩.৫০ এবং সুপারভাইজারের সন্তোষজনক সুপারিশ থাকলে গবেষক পিএইচডি প্রোগ্রামে স্থানান্তরের সুযোগ পাবেন।
আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে সতর্কতার সঙ্গে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার সব মার্কশিটের সত্যায়িত কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং নির্দিষ্ট গবেষণা প্রস্তাবনার সারসংক্ষেপ স্ক্যান করে আপলোড করতে হবে।
ফরম জমা দেওয়ার পর অনলাইন গেটওয়ে অথবা সোনালী ব্যাংকের যেকোনো শাখায় পে–স্লিপের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে। এমফিল প্রাক–আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা এবং পিএইচডির জন্য ২ হাজার টাকা। আগামী ১ আগস্টের মধ্যে ফি জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।
ভর্তি–সংক্রান্ত লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান পরবর্তীতে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. আওলাদ হোসেন।
আরএইচটি/এমএসএ
