বিজ্ঞাপন

শেষ মুহূর্তে বইয়ের পাতায় চোখ আহনাফের, ছাতা ধরে আছেন বাবা

শেষ মুহূর্তে বইয়ের পাতায় চোখ আহনাফের, ছাতা ধরে আছেন বাবা

পরীক্ষা শুরুর এক ঘণ্টা বাকি। সবারই কেন্দ্রে প্রবেশের তাড়া। ঠিক এই সময়েই কেন্দ্রের বাইরে রাস্তার পাশে একটি মোটরসাইকেলের ওপর বই রেখে শেষবারের মতো চোখ বুলিয়ে নিচ্ছে নটর ডেম কলেজের শিক্ষার্থী আহনাফ আবদুল্লাহ। আর ছেলের মাথার ওপর এক হাতে ছাতা ধরে, অন্য হাতে বাতাস করছেন বাবা রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর শান্তিনগরে অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে এই চিত্র দেখা যায়।

এ সময় রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলের কাছে কোনো প্রত্যাশা নেই। ও ওর সাধ্যমতো চেষ্টা করেছে। আমার বিশ্বাস, আমার ছেলে একটা ভালো রেজাল্ট উপহার দেবে। আল্লাহর কাছে বাবা হিসেবে দোয়া করি, তিনি যেন আমার ছেলের পরিশ্রমের যথাযথ মূল্য দান করেন। 

এর আগে সকাল সাড়ে আটটার দিকেই কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায় পরীক্ষার্থীদের। এ সময় কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে শুরু হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের সমমানের পরীক্ষাও। সব মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের কুরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএম)-এর বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবার মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ৮ আগস্ট। এরপর ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কোর্সের তাত্ত্বিক পরীক্ষা জুলাই ও আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। 

এমএল/এমএসএ