জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সব ধরনের পরীক্ষার ফি মওকুফ করা হয়েছে। এখন থেকে এসব শিক্ষার্থীকে শুধুমাত্র সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি প্রদান করতে হবে। বাকি সব পরীক্ষাসংক্রান্ত ফি মওকুফের সুবিধা পাবেন তারা।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তালিকা যাচাই-বাছাই করে ২৬৯ জন আহত শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের এই ফি মওকুফের সুবিধা পাওয়ার জন্য নিজ নিজ কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আহত শিক্ষার্থীদের সুবিধার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তাদের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে তালিকাভুক্ত শিক্ষার্থীরা সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি বাদে অন্যান্য ফি প্রদান থেকে অব্যাহতি পাবেন।
আরএইচটি/জেআই/এনএফ
