নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের আটজন এইচএসসি পরীক্ষার্থী ফরম পূরণের জন্য টাকা জমা দেওয়ার পরও পরীক্ষায় অংশ নিতে পারেননি। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে শুক্রবার (৩ জুলাই) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন।
মন্ত্রী রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশে রাজশাহী শিক্ষা বোর্ড দ্রুত ওই শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করে। ফলে তারা আগামীকাল থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
অভিযোগে বলা হয়েছে, কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা গ্রহণ করলেও তা যথাযথভাবে জমা দেননি। এ কারণে প্রবেশপত্র না পাওয়ায় তারা গতকাল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।
ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিবেদকের সঙ্গেও কথা বলেন।
পরে শিক্ষামন্ত্রী নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সঙ্গে টেলিফোনে কথা বলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর পুলিশ অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
এদিকে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। ইতোমধ্যে আব্দুলপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া বগুড়ার সারিয়াকান্দিতে নির্ধারিত সময়ে ফরম পূরণের টাকা পরিশোধ করলেও রেজিস্ট্রেশন নম্বর ভুল হওয়ার কারণে এক এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারার অভিযোগও মন্ত্রীর কাছে আসে। পরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন। ইতোমধ্যে ওই শিক্ষার্থীরও ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনিও আগামীকাল থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
এমএইচএন/এমএন
