বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়

‘১৩ হাজার টাকা দিয়েও এইচএসসি পরীক্ষা দিতে পারেনি’ দাবিটি সঠিক নয়

‘১৩ হাজার টাকা দিয়েও এইচএসসি পরীক্ষা দিতে পারেনি’ দাবিটি সঠিক নয়

রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ‘১৩ হাজার ৫০০ টাকা দিয়ে ফরম পূরণ করেও এডমিট কার্ড না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি’—সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দাবি, ওই শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরমই পূরণ করেননি এবং ফরম পূরণ বাবদ কোনো অর্থও জমা দেননি। এ ঘটনায় শিক্ষার্থীর মা লিখিতভাবে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যকে অসত্য উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার (৩ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি করা হয়েছিল যে, শিক্ষার্থী ফরম পূরণের টাকা প্রতিষ্ঠানের এক শিক্ষিকার কাছে জমা দিয়েছিলেন। ওই শিক্ষিকা তাকে এডমিট কার্ড দেওয়ার আশ্বাস দিলেও পরীক্ষার দিন সকাল পর্যন্ত তিনি কোনো এডমিট কার্ড পাননি।

মন্ত্রণালয় বলছে, প্রকৃতপক্ষে ওই শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হলেও পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেননি। এছাড়া ফরম পূরণ বাবদ কোনো অর্থও জমা দেননি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই শিক্ষার্থীর মা ইতোমধ্যে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, গণমাধ্যমে প্রকাশিত তাদের বক্তব্য অসত্য ছিল। একই সঙ্গে এ ধরনের বক্তব্য দেওয়ার জন্য তারা দুঃখও প্রকাশ করেছেন।

আরএইচটি/এসএম