বিজ্ঞাপন

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত হচ্ছে মঙ্গলবার

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত হচ্ছে মঙ্গলবার

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ‘ভর্তি নীতিমালা-২০২৬’ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই নীতিমালা চূড়ান্ত করতে মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় সভা আহ্বান করা হয়েছে। সভাটি একইসঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে এবং বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে প্রকাশিত এক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপসচিব মো. আ. কুদ্দুসের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে এই সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিত থাকার কথা রয়েছে। সভার মূল আলোচ্যসূচি হলো একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৬ চূড়ান্ত করা।

এই নীতি নির্ধারণী সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতিকে প্রয়োজনীয় সব ডকুমেন্ট ও কার্যপত্রসহ উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের অনলাইনে এই সভায় যুক্ত হতে বলা হয়েছে।

একইসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত ও যুগ্মসচিবদের এই সভায় যথাসময়ে অংশ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

আরএইচটি/এসএএস/জেডএস