মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন মাঠ পর্যায়ের সব দপ্তর ও অফিসকে সিটিজেন্স চার্টার (সেবা প্রদান প্রতিশ্রুতি) নির্ধারিত ছক অনুযায়ী হালনাগাদ করার জরুরি নির্দেশ দিয়েছে মাউশি। আগামী ৯ জুলাইয়ের মধ্যে হালনাগাদের কাজ শেষ করে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ নিশ্চিত করতে বলা হয়েছে।
সোমবার (৬ জুলাই) মাউশির মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) ইউনিট থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ মে মন্ত্রিপরিষদ বিভাগে সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন্স চার্টার) হালনাগাদ ও সংস্কার বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে মাঠ পর্যায়ের সব দপ্তর ও অফিসকে নির্ধারিত ছক অনুযায়ী সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত সিটিজেন্স চার্টার বিষয়ক কর্মশালায় অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে এবং নোটিশের সঙ্গে সংযুক্ত নির্ধারিত ছক ও নির্দেশিকা অনুসরণ করে হালনাগাদের কাজ সম্পন্ন করতে হবে। কাজ শেষ হওয়ার পর আগামী ৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে সিটিজেন্স চার্টার প্রকাশ নিশ্চিত করতে হবে।
মাউশি জানিয়েছে, এ নির্দেশনা আঞ্চলিক কার্যালয়ের সব পরিচালক ও উপপরিচালক, দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
আরএইচটি/এসএএস/জেডএস
