মাদ্রাসার শিক্ষার্থীদের শারীরিক গঠন, অসংক্রামক রোগ প্রতিরোধ এবং মানসিক বিকাশের লক্ষ্যে দেশের সব মাদ্রাসায় নিয়মিত খেলাধুলা, পিটি-প্যারেড এবং দ্রুততম সময়ের মধ্যে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
সোমবার (৬ জুলাই) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের সই করা পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ২ জুলাইয়ের এক সভার সিদ্ধান্তের পরিপ্রক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে।
একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত জুন মাসের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ইবতেদায়ি ও দাখিল পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুততম সময়ের মধ্যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান এবং পরিচালনা কমিটির সদস্যদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
অপর আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের অসংক্রামক রোগ প্রতিরোধের লক্ষ্যে দেশের সব স্তরের মাদ্রাসায় নিয়মিত খেলাধুলা ও পিটি-প্যারেডের আয়োজন করা প্রয়োজন। যেসব প্রতিষ্ঠানে শরীরচর্চার শিক্ষক রয়েছেন, সেখানে নিয়মিত পিটি-প্যারেড পরিচালনা করতে হবে। তবে যেসব মাদ্রাসায় শরীরচর্চার কোনো শিক্ষক নেই, সেসব প্রতিষ্ঠানে ‘মাদ্রাসা স্কিম’-এর আওতায় একজন নবীন শিক্ষককে ১ থেকে ২ মাসের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
একইসঙ্গে, মাদ্রাসায় আয়োজিত এই খেলাধুলা ও পিটি-প্যারেডের ছবি নিয়মিত ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপলোড করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টিকে অত্যন্ত জরুরি উল্লেখ করে এই নির্দেশনার অনুলিপি দেশের সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
আরএইচটি/জেডএস
