ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বার্ষিক পরীক্ষার সময়ই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই যেন পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে যায়। আমরা আশা করছি, ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলো পৌঁছে দেবো। প্রধানমন্ত্রীর নির্দেশ, ৩০ নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে।
পাঠ্যবই ছাপার দরপত্র প্রক্রিয়া চলছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অব অগাস্টের ভেতরে সব দিয়ে দেব। এরপর তারা (প্রকাশকরা) ছাপার কাজ শুরু করবে। আর এ বিষয়ে যা তদারকি করার দরকার রয়েছে তা আমাদের মন্ত্রণালয়ের টিম রয়েছে, এনসিটিবি রয়েছে এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত আগামী দিনের সুন্দরভাবে বই দেওয়ার জন্য।
আগামী বছরের পাঠ্যবইতে কারিকুলামে কিছুটা পরিমার্জন আসছে বলেও এসময় জানান শিক্ষামন্ত্রী।
আরএইচটি/জেআই/জেডএস
