প্রিলিমিনারি টু মাস্টার্স ২০২৩ সালের পরীক্ষার পরীক্ষার্থীদের হাজিরা গ্রহণ ও উপস্থিতি ব্যবস্থাপনার জন্য নতুন ওয়েবসাইট ব্যবহারের নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এতদিন ব্যবহৃত ems.nu.ac.bd–এর পরিবর্তে এখন থেকে attendance.nu.ac.bd ব্যবহার করে উপস্থিতির সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সোমবার (৬ জুলাই) প্রকাশিত পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, নতুন ওয়েবসাইটের মাধ্যমে ইনভিজিলেটর তালিকা ব্যবস্থাপনার সব কার্যক্রম পরিচালনা করা যাবে। নতুন ইনভিজিলেটর নিবন্ধন, বিদ্যমান ইনভিজিলেটরের তথ্য হালনাগাদ এবং ইনভিজিলেটর অ্যাপের লগইন পাসওয়ার্ড পরিবর্তনের সুবিধা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইনভিজিলেটরদের মোবাইল অ্যাপ ব্যবহারের অনুমোদন ও নিয়ন্ত্রণ, পরীক্ষার তারিখভিত্তিক উপস্থিতির সারসংক্ষেপ দেখা, কক্ষভিত্তিক পরীক্ষার্থীদের উপস্থিতির তথ্য পর্যবেক্ষণ এবং প্রয়োজনে কোনো পরীক্ষার্থীকে ম্যানুয়ালি অনুপস্থিত হিসেবে অন্তর্ভুক্ত করার সুবিধাও নতুন পোর্টালে যুক্ত করা হয়েছে।
এ ছাড়া পরীক্ষা কেন্দ্রের দৈনিক উপস্থিতি ও কার্যক্রম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ এবং পরীক্ষার টপ শিট সহজেই ডাউনলোড করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যবহারকারীদের পরীক্ষা পরিচালনার সময় নতুন মডিউলগুলো যথাযথভাবে ব্যবহার করে উপস্থিতি ব্যবস্থাপনা ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে সঠিক ও নির্ভুল তথ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য সময়মতো হালনাগাদ করার জন্যও বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
আরএইচটি/জেডএস
