বিজ্ঞাপন

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়াল মাদ্রাসা বোর্ড

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়াল মাদ্রাসা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত মাদ্রাসাগুলোতে ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বিভিন্ন কারণে সম্পন্ন হয়নি, তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনের জটিলতা এড়াতে ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট মাদ্রাসার মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে।

বর্ধিত সময়সূচি অনুযায়ী, আজ ৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিলম্ব ফিসহ অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। আর ৩০ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি করা যাবে।

বোর্ড জানিয়েছে, ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল নতুন শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য এন্ট্রির সুযোগ চালু হবে। এ ব্যবস্থায় শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য সম্পাদনা বা মুছে ফেলার সুযোগ থাকবে না।

রেজিস্ট্রেশন ফি দেওয়া বা অনলাইন তথ্য এন্ট্রি-সংক্রান্ত কোনো সমস্যার ক্ষেত্রে অফিস সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর থেকে ০১৭১৩-০৬৮৯০৯ অথবা ০১৭১৫-৬১১৯৩৬০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরএইচটি/এসএএস