বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তা জানতে চেয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। গত ৫ বছর ধরে এই প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় বোর্ড কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (৬ জুলাই) বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি এম আমিনুল ইসলামের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৬ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান ও স্বীকৃতি প্রদানসংক্রান্ত নীতিমালা-২০২০-এর বিধি ৫.৪ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি গঠনসহ প্রয়োজনীয় শর্তাবলি পূরণে ব্যর্থ হলে বা শিক্ষার্থী ভর্তিতে দীর্ঘমেয়াদি অকার্যকারিতা দেখা দিলে বোর্ড প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল করতে পারে। সেই নীতিমালার আলোকেই এই ব্যাখ্যা তলব করা হয়েছে।
উল্লেখ্য, তালিকাভুক্ত ১১২টি প্রতিষ্ঠানের মধ্যে দেশের বিভিন্ন জেলার কলেজ, উচ্চ বিদ্যালয় ও মাদরাসা অন্তর্ভুক্ত রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিতসহ পাঠদানের অনুমোদন চূড়ান্তভাবে বাতিলের প্রক্রিয়া শুরু করবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
আরএইচটি/বিআরইউ
