জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী ১৬ জুলাই থেকে শুরু হবে। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে প্রবেশপত্র।
বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) সফটওয়্যারের মাধ্যমে আজ থেকেই ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে সংশ্লিষ্ট কলেজগুলো। এরপর প্রবেশপত্রের নির্ধারিত স্থানে অধ্যক্ষের সিল ও স্বাক্ষর দিয়ে পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে। বিতরণের সময় পরীক্ষার্থীর ছবির সঙ্গে রেজিস্ট্রেশন কার্ড মিলিয়ে দেখার পাশাপাশি রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া না গেলে বা প্রবেশপত্রে কোনো ধরনের ভুল থাকলে আগামী ১২ জুলাইয়ের মধ্যে অধ্যক্ষের সুপারিশসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে সংশোধন করতে হবে। এছাড়া পরীক্ষার রোল বিবরণী ও হাজিরা শিটও ইএমএস-এর কলেজ প্যানেল থেকে ডাউনলোড করে প্রিন্ট করার নির্দেশ দেওয়া হয়।
এদিকে, প্রবেশপত্র ডাউনলোডে কোনো সমস্যা হলে ইএমএস প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এমআরআর/বিআরইউ
