বিজ্ঞাপন

দুই কলেজের আঞ্চলিক কেন্দ্র নিয়ে নতুন সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের

দুই কলেজের আঞ্চলিক কেন্দ্র নিয়ে নতুন সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের

আবেদনের পরিপ্রেক্ষিতে দুই কলেজকে আগের আঞ্চলিক কেন্দ্রের অধীনেই অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে একটি অফিস আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৮ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে গতিশীলতা ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ফরিদপুরে নতুন আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়। পরে ২১ মে জারি করা এক আদেশে মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার অধিভুক্ত সব কলেজ এবং প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওই আদেশের পর গোপালগঞ্জ সরকারি কলেজ ও মাদারীপুরের ডি.কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের পক্ষ থেকে আগের আঞ্চলিক কেন্দ্র বহাল রাখার আবেদন করা হয়। প্রতিষ্ঠান দুটির আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের পরিবর্তে আগের মতো খুলনা আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে। একইভাবে মাদারীপুরের ডি.কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের কার্যক্রম ফরিদপুরের পরিবর্তে আগের মতো বরিশাল আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে।

আদেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্দেশনা অনুযায়ী সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এমআরআর/বিআরইউ