দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে মেধা যাচাই করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭’ কর্মসূচি গ্রহণ করেছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে সম্প্রতি প্রকাশিত এক চিঠিতে এই কর্মসূচির আওতাভুক্ত কার্যক্রমের কথা জানানো হয়েছে।
এর আগে গত ২৯ জুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ কর্মসূচিতে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অনলাইন রেজিস্ট্রেশন বুথ বসানো হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল গত ২ মে তারিখে সিলেট জেলা স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে। আগামী ২৭ জুলাই বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এর পরপরই নতুন সেশন অর্থাৎ ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ এর কার্যক্রম শুরু হবে।
নতুন এই সেশনের আওতায় ১০টি ইভেন্টের প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর ২০২৬-এ উপজেলা পর্যায়ে শুরু হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া গত ১ জুলাই ২০২৬ থেকে শুরু হয়েছে, যা আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত চলমান থাকবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিমের সই করা এক নির্দেশনায় দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের দ্রুত রেজিস্ট্রেশন বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য একজন করে শিক্ষককে নির্দিষ্ট দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
প্রতিষ্ঠানগুলোকে একটি নির্ধারিত ছক মোতাবেক শিক্ষার্থীদের মোট সংখ্যা এবং রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীর সংখ্যাসহ যাবতীয় তথ্য আগামী ৪ আগস্টের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।
এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মু. গোলাম মোস্তফার সই করা আরেক পত্রে জানানো হয়েছে, শুধু টেকনিক্যাল স্কুলই নয়, তৃণমূলের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের কার্যালয় এবং সকল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়েও এই অনলাইন রেজিস্ট্রেশন বুথ বসানো হবে।
আরএইচটি/বিআরইউ
