বাংলাদেশের ব্যাংকিং ও বিমা খাতের মধ্যে সমন্বয় জোরদার, গ্রাহকবান্ধব বিমা সেবা সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে ব্যাংকাস্যুরেন্স: নিয়ন্ত্রক, পরিচালন ও বিক্রয় প্রস্তুতি’ শীর্ষক দুই দিনব্যাপী নিবিড় কর্মশালা শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের মাস্টার অব প্রফেশনাল ব্যাংকিং (এমপিবি) প্রোগ্রাম ও ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড যৌথভাবে ১০ ও ১১ জুলাই এ কর্মশালার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের নবম তলায় প্রফেসর ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহিদ এবং সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক ড. মো. মাইন উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের সভাপতি মো. রাশেদ আকতার, এমপিবি প্রোগ্রামের সমন্বয়ক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ এবং সংগঠনটির লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (আরিয়ান)। বক্তারা আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, বিমা সেবার পরিধি সম্প্রসারণ এবং গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য বিমা পণ্য নিশ্চিত করতে ব্যাংকাস্যুরেন্সের গুরুত্ব তুলে ধরেন।
দুই দিনের কর্মশালায় মোট আটটি বিশেষায়িত সেশনে ব্যাংকাস্যুরেন্সের বর্তমান অবস্থা, নিয়ন্ত্রক কাঠামো, অংশীদারত্বের মডেল, চুক্তি প্রণয়ন, গ্রাহকভিত্তিক বিমা পণ্য, পরিচালন ও প্রযুক্তিগত প্রস্তুতি, কেওয়াইসি ও মানি লন্ডারিং প্রতিরোধ, দাবি নিষ্পত্তি, ঝুঁকি ব্যবস্থাপনা, গ্রাহক সুরক্ষা, বিক্রয়কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মদক্ষতার সূচক নিয়ে আলোচনা করা হচ্ছে।
প্রশিক্ষক ও আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের অভিজ্ঞ পেশাজীবীরা এতে অংশ নিচ্ছেন। বক্তৃতা ও আলোচনার পাশাপাশি কেস স্টাডি, দলীয় আলোচনা, ভূমিকাভিনয় ও দলীয় উপস্থাপনার ব্যবস্থাও রাখা হয়েছে।
আয়োজকদের আশা, এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা একটি টেকসই ব্যাংকাস্যুরেন্স কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন। কর্মশালায় সফল অংশগ্রহণকারীদের আগামী ১৭ জুলাই সনদপত্র প্রদান করা হবে।
এমএইচএন/জেআই
