বিজ্ঞাপন

সিলেট বিভাগের ৪ জেলায় শনিবারের এইচএসসি পরীক্ষা হবে

সিলেট বিভাগের ৪ জেলায় শনিবারের এইচএসসি পরীক্ষা হবে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির মধ্যেও সিলেট বিভাগের চার জেলায় শনিবার (১১ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের জেলা প্রশাসকেরা নিজ নিজ জেলার পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সিলেট শিক্ষা বোর্ডকে জানিয়েছেন, চলমান এইচএসসি পরীক্ষা গ্রহণে আপাতত কোনো সমস্যা নেই।

শুক্রবার (১০ জুলাই) এ-সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী।

চিঠিতে বলা হয়, সাম্প্রতিক পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই চার জেলার জেলা প্রশাসকদের কাছে জরুরি ভিত্তিতে মতামত চাওয়া হয়। তাদের নিজ নিজ জেলার বিভিন্ন উপজেলার এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা গ্রহণ সম্ভব কি না, সে বিষয়ে মতামত দিতে বলা হয়।

এর জবাবে সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসকেরা সিলেট শিক্ষা বোর্ডকে জানিয়েছেন, চলমান এইচএসসি পরীক্ষা গ্রহণে আপাতত কোনো সমস্যা হবে না।

পরে বিষয়টি অবগতির জন্য বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং সিলেট শিক্ষা বোর্ডের অধীন সব এইচএসসি পরীক্ষা কেন্দ্রেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

আরএইচটি/এমএন