বিজ্ঞাপন

প্রাথমিক বৃত্তিপ্রাপ্তদের ৫৪ শতাংশই ছাত্রী, সাফল্যের শীর্ষে ঢাকা

প্রাথমিক বৃত্তিপ্রাপ্তদের ৫৪ শতাংশই ছাত্রী, সাফল্যের শীর্ষে ঢাকা

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ মেধার লড়াইয়ে ছেলেদের তুলনায় মেয়েরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ৫৪.৭১ শতাংশই ছাত্রী। এর পাশাপাশি জেলাভিত্তিক সাফল্যের দিক থেকে ঢাকা জেলা ৪ হাজার ৬৮২টি বৃত্তি নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে, যা সারা দেশের তুলনায় সর্বোচ্চ। 

রোববার (১২ জুলাই) প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা গেছে, সব ক্যাটাগরিতে মোট ৩৫ হাজার ৮৯২ জন ছাত্র (৪৫.২৯ শতাংশ) এবং ৪৩ হাজার ৩৫৪ জন ছাত্রী (৫৪.৭১ শতাংশ) বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী স্থান পেয়েছে। 

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা জেলা মোট ৪ হাজার ৬৮২টি বৃত্তি নিয়ে শীর্ষে অবস্থান করছে, যেখানে ১৮৮টি বৃত্তি পেয়ে তালিকায় সবার নিচে রয়েছে বান্দরবান জেলা।

পরীক্ষার উপস্থিতির হার বিশ্লেষণ করলে দেখা যায়, ঠাকুরগাঁও জেলায় সবচেয়ে বেশি ৮১.৬১ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল, অন্যদিকে নারায়ণগঞ্জ জেলায় অনুপস্থিতির হার ছিল সর্বোচ্চ ৫২.৮০ শতাংশ। অকৃতকার্যের হার সবচেয়ে বেশি দেখা গেছে দিনাজপুর জেলায়, যা ৫৭.৯১ শতাংশ এবং ঢাকা জেলায় কৃতকার্য হওয়ার হার ৩৯.৫৭ শতাংশ।

এদিকে সরকারি ক্যাটাগরিতেও মেয়েদের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। এখানে মোট ২৭ হাজার ৭৩০ জন ছাত্র (৪৪.১৬ শতাংশ) এবং ৩৫ হাজার ৬৫ জন ছাত্রী (৫৫.৮৪ শতাংশ) বৃত্তি পেয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রাপ্তিতে চট্টগ্রাম জেলা ৩ হাজার ৩৫টি নিয়ে সবার উপরে রয়েছে এবং বান্দরবান ১৫৩টি নিয়ে সবার নিচে। 

এই ক্যাটাগরিতে দিনাজপুর জেলায় অকৃতকার্য হওয়ার হার সর্বোচ্চ ৬২.০৬ শতাংশ এবং মাগুরা জেলায় কৃতকার্য হওয়ার হার ২৫.৫৬ শতাংশ। 

এছাড়া সরকারি বিদ্যালয়েও ঠাকুরগাঁও জেলায় উপস্থিতির হার সবচেয়ে বেশি (৮০.৬৪ শতাংশ) এবং নারায়ণগঞ্জ জেলায় অনুপস্থিতির হার সর্বোচ্চ (৫৮.৬২ শতাংশ)।

অন্যদিকে, বেসরকারি ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছেলেদের সংখ্যা ৮ হাজার ১৬২ জন (৪৯.৬১ শতাংশ) এবং ছাত্রীদের সংখ্যা ৮ হাজার ২৮৯ জন (৫০.৩৯ শতাংশ)। এই ক্যাটাগরিতে ঢাকা জেলা ২ হাজার ৮৫০টি বৃত্তি নিয়ে শীর্ষে এবং ১২টি বৃত্তি নিয়ে ঝালকাঠি জেলা সবার নিচে রয়েছে। বেসরকারি পর্যায়ে নোয়াখালী জেলায় অকৃতকার্য হওয়ার হার ৫৯.৬৫ শতাংশ এবং খুলনা জেলায় কৃতকার্যের হার ৬৫.৬১ শতাংশ। 

এছাড়া ভোলা জেলায় অনুপস্থিতির হার ৩৪.৩ শতাংশ এবং চুয়াডাঙ্গা জেলায় উপস্থিতির হার সর্বোচ্চ ৯১.৮৪ শতাংশ।

এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন অনুষ্ঠানিকভাবে বৃত্তির ফল ঘোষণা করেন।

আরএইচটি/এসএম