শিক্ষক নিয়োগে জালিয়াতি-অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে শেরপুরের জমসেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম রেজাকে শুনানিতে তলব করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২০ জুলাই এ শুনানি হবে।
রোববার (১২ জুলাই) মাউশির সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, শেরপুর সদর উপজেলার জমসেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম রেজার বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা, দুর্নীতি, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন কলেজটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো. মিনহাজ উদ্দিন মিনাল।
এ ছাড়া কলেজটির সাবেক আরেক সভাপতি হযরত আলীও একই ধরনের অভিযোগ করেছেন। অর্থাৎ তার দায়িত্ব পালনকালে তিনজন শিক্ষক, একজন প্রদর্শক ও একজন ল্যাব সহকারীকে এমপিওভুক্তির জন্য এক কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেন অধ্যক্ষ শহীদুল ইসলাম। একইসঙ্গে সভাপতির স্বাক্ষর জাল-জালিয়াতি করে এমপিওভুক্তিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আনা হয়।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ২০ জুলাই সকাল ১০টায় মাউশির পরিচালকের (কলেজ ও প্রশাসন) অনুষ্ঠিত শুনানিতে অধ্যক্ষ শহীদুলকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়।
চিঠিটি জমসেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সভাপতি, অধ্যক্ষ, অভিযোগকারী দুই সাবেক সভাপতিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এমআরআর/জেআই
