বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৯ জন কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করেছে সরকার। এর মধ্যে রাজধানীর ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদকে। তিনি এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের ওএসডি এবং ইনসিটু হিসেবে ঢাকা কলেজেই কর্মরত ছিলেন।
একই প্রজ্ঞাপনে শিক্ষা ক্যাডারের আরও ৯ কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কলেজ ও শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, মাউশি অধিদপ্তরের ওএসডি অধ্যাপক ড. কাজী জুলফিকার আলীকে (ইনসিটু, বিশেষজ্ঞ, বাংলা ভাষা বাস্তবায়ন কোষ, জনপ্রশাসন মন্ত্রণালয়) ঢাকার শেখ বোরহানুদ্দীন কলেজের অধ্যক্ষ হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সম্পাদক পদে প্রেষণে পদায়ন করা হয়েছে ড. এ. কে. এম শওকত আলী খানকে। তিনি মাউশি অধিদপ্তরের ওএসডি এবং পাবনার সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজে সংযুক্ত ছিলেন (পূর্বে তিনি ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে বদলির আদেশাধীন ছিলেন)। এছাড়া দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান খান পাঠানকে জাতীয় শিক্ষা একাডেমি (নায়েম) থেকে এনসিটিবি-র বিতরণ নিয়ন্ত্রক পদে প্রেষণে বদলি করা হয়েছে।
অন্য কর্মকর্তাদের মধ্যে, এনসিটিবির প্রেষণে থাকা অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেনকে মাউশি অধিদপ্তরের ওএসডি করে সরকারি তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়েছে। চাঁদপুর সরকারি কলেজে সংযুক্ত সহযোগী অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলম এবং সরকারি রাজেন্দ্র কলেজে ইনসিটু হিসেবে কর্মরত সহযোগী অধ্যাপক মো. খায়রুল ইসলাম খাঁনকে এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে প্রেষণে পদায়ন করা হয়েছে।
এদিকে, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়ার বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন শামীমকে মাউশি অধিদপ্তরের ওএসডি করে গাজীপুরের শ্রীপুর সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। এছাড়া সিলেট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন রশীদ চৌধুরীকে পদোন্নতি বা পদায়ন দিয়ে একই কলেজের অধ্যক্ষ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি ও পদায়ন দেওয়া এই কর্মকর্তাদের আগামী ১৬ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওইদিন অপরাহ্ণে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে। এছাড়া কর্মকর্তাদের আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএসে লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আরএইচটি/এমএন
