দেশের ১০টি বোর্ডের ৬ষ্ঠ দিনের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৯ হাজার ৫৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের (নকল) দায়ে মোট ২৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো পরিদর্শক বহিষ্কৃত হননি।
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাব বিজ্ঞান ১ম পত্র ও যুক্তিবিদ্যা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৫৩ হাজার ৫০৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪ লাখ ৪১ হাজার ৭৭৪ জন এবং অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৭২৯ জন। সাধারণ বোর্ডে অনুপস্থিতির গড় হার ২ দশমিক ৫৯ শতাংশ।
আর অনুপস্থিতির দিক থেকে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৩ হাজার ৩৪৪ জন এবং সর্বনিম্ন সিলেট বোর্ডে ৯৭৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ৮ জন ময়মনসিংহ বোর্ডের। এ ছাড়া, রাজশাহী বোর্ডে ৫ জন, ঢাকা ও সিলেট বোর্ডে ২ জন করে এবং যশোর, বরিশাল ও দিনাজপুর বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে কুমিল্লা বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হননি।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৭৫ হাজার ৯৩ জন। এর মধ্যে ৬৯ হাজার ৯২৩ জন পরীক্ষায় অংশ নেন এবং ৫ হাজার ১৭০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মাদ্রাসা বোর্ডে অনুপস্থিতির হার সবচেয়ে বেশি, যা ৬ দশমিক ৮৮ শতাংশ। এই বোর্ডে অসদুপায় অবলম্বনের জন্য ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অফিস ম্যানেজমেন্ট ও ব্যবসায় সংগঠন বিষয়ে মোট ৮৬ হাজার ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৩ হাজার ৪৫০ জন অংশ নেন। এখানে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৬৯৩ জন এবং অনুপস্থিতির হার ৩ দশমিক ১৩ শতাংশ। কারিগরি বোর্ডে বহিষ্কার করা হয়েছে ৫ জন পরীক্ষার্থীকে।
আরএইচটি/এসএএস
