ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম-লোগো বা পরিচয় ব্যবহার করে ফেসবুকে পরিচালিত একাধিক পেজ ও গ্রুপ নিয়ে জরুরি সতর্কবার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে এসব পেজ ও গ্রুপের প্রকাশিত তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ডিসিইউর রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, লোগো বা পরিচয় ব্যবহার করে একাধিক পেজ ও গ্রুপ পরিচালিত হচ্ছে। যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। তবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোনো অফিশিয়াল ফেসবুক পেজ, গ্রুপ বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নেই।
এতে আরও বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা Dhaka Central University (DCU) নামে পরিচালিত সব ফেসবুক পেজ ও গ্রুপ সম্পূর্ণ অননুমোদিত। এসবের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো ধরনের সম্পর্ক নেই। তাই এ ধরনের পেজ বা গ্রুপে প্রকাশিত কোনো তথ্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেকোনো অফিসিয়াল তথ্য জানতে নির্দিষ্ট ওয়েবসাইট অনুসরণ করার আহ্বান করেছে কর্তৃপক্ষ।
এমআরআর/জেডএস
