প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল পুনর্নিরীক্ষার জন্য আজ ১৫ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন সময়ে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন সই করা গত ১৩ জুলাইয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, ফলাফল পুনর্নিরীক্ষার জন্য অভিভাবককে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা বরাবর আবেদন করতে হবে।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের অনুকূলে প্রতি বিষয়ের জন্য ৩০০ টাকা (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট জমা দিয়ে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ব্যাংক ড্রাফট এবং পরীক্ষার্থীর প্রবেশপত্রের কপি সংযুক্ত করতে হবে।
এ ছাড়া আবেদনে অভিভাবকের ই-মেইল (যদি থাকে), মোবাইল ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর উল্লেখ করতে হবে।
ডিপিই জানিয়েছে, উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফলাফল আবেদনকারীদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে বিভাগীয় উপপরিচালকদের আগামী ২৬ জুলাই ২০২৬-এর মধ্যে আবেদনকারীদের তথ্য নির্ধারিত ছকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এমএইচএন/বিআরইউ
