বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা দ্রুত শুরু এবং যৌক্তিক বিরতি দিয়ে নতুন রুটিন প্রকাশের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা।
রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের একদল পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গিয়ে এ স্মারকলিপি জমা দেন।
পরীক্ষার্থীরা জানান, তারা দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা শুরু এবং স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য অন্তত দুই থেকে তিন দিন বিরতি রেখে নতুন রুটিন প্রকাশের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, দীর্ঘদিনের অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীরা মানসিক চাপের মধ্যে রয়েছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও জলাবদ্ধতার কারণে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ড অনির্দিষ্টকালের জন্য অবশিষ্ট পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করে।
অন্যদিকে, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষা চলমান থাকায় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীরা পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন। এ পরিস্থিতিতে দ্রুত পরীক্ষা শুরু এবং স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য যৌক্তিক বিরতি দিয়ে নতুন রুটিন প্রকাশের দাবি জানান তারা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, চেয়ারম্যান পরীক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেছেন। বিষয়টি আগামীকাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
জেডএস
