বিজ্ঞাপন

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ২২ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ১৩

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ২২ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ১৩

সারা দেশের ৮টি সাধারণ বোর্ড এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ১০ম দিনের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৯ জুলাই) সকালের শিফটে অনুষ্ঠিত মোট ৯টি শিক্ষা বোর্ডের এ পরীক্ষায় সব মিলিয়ে মোট ২২ হাজার ৫৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে সারাদেশে মোট ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, যার মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ৯ জন এবং মাদ্রাসা বোর্ডে ৪ জন রয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, আজ ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রসায়ন (তত্ত্বীয়) ১ম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, ইতিহাস ১ম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ১ম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আল ফিকহ দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ১৭ হাজার ৫২৮ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৪৩ জন শিক্ষার্থী। 

বোর্ডভিত্তিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৪ হাজার ৩৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এবং এই বোর্ডে সর্বোচ্চ ৪ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এছাড়া রাজশাহী বোর্ডে ২ হাজার ৭৩৮ জন অনুপস্থিত (বহিষ্কার ১), কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭১২ জন অনুপস্থিত (বহিষ্কার ১), যশোর বোর্ডে ২ হাজার ১৭৩ জন অনুপস্থিত (বহিষ্কার ১), সিলেট বোর্ডে ১ হাজার ২৮৬ জন অনুপস্থিত (বহিষ্কার ১), বরিশাল বোর্ডে ১ হাজার ৬০৪ জন অনুপস্থিত (বহিষ্কার ১) এবং দিনাজপুর বোর্ডে ২ হাজার ৪০৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ২৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪৭ হাজার ৭৫০ জন, যার মধ্যে অংশগ্রহণ করেছে ৬ লাখ ৩০ হাজার ২২২ জন। সাধারণ বোর্ডে গড় অনুপস্থিতির হার ২.৭১ শতাংশ।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আল ফিকহ দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৬৯ হাজার ২২৮ জন পরীক্ষার্থীর। এর মধ্যে ৪২৩টি তথ্যপ্রাপ্ত কেন্দ্র থেকে পাওয়া হিসাব অনুযায়ী ৬৪ হাজার ১৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মাদ্রাসা বোর্ডে অনুপস্থিতির হার তুলনামূলকভাবে সাধারণ বোর্ডের চেয়ে অনেক বেশি, যা প্রায় ৭.২৮ শতাংশ। এই বোর্ডে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, বন্যা-জলাবদ্ধতাসহ বিশেষ পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রয়েছে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আজ কোনো পরীক্ষা নির্ধারিত ছিল না।

আরএইচটি/এমএসএ