বিজ্ঞাপন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. নাজমুল

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. নাজমুল

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত। 

রোববার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত, ২০২৫)’-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. নাজমুল সাদাতকে এই পদে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত হিসেবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ভাইস-চ্যান্সেলর পদে ড. নাজমুলের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে মোট ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে, যা আগে ঘটবে সেই সময় পর্যন্ত বলবৎ থাকবে। উপাচার্য পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। 

তবে চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরএইচটি/আরএফ/জেডএস

বিজ্ঞাপন