বিজ্ঞাপন

অনিয়ম ও ব্যক্তিগত কারণ

১০ শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল করল চট্টগ্রাম বোর্ড

১০ শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল করল চট্টগ্রাম বোর্ড

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অধ্যয়নরত ১০ শিক্ষার্থীর একাদশ শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের নিজস্ব আবেদন এবং সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষদের সুপারিশের পরিপ্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৯ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশে জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভর্তি বাতিলের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে তাদের ইস্যু করা এইচএসসি পরীক্ষার রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

বোর্ড সূত্র জানায়, ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরা ২০২৩-২৪, ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের। তারা বিভিন্ন নামি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলেন। এর মধ্যে রয়েছে—কক্সবাজার সরকারি কলেজ, কাপ্তাই সিটি করপোরেশন মহিলা কলেজ, রামু সরকারি কলেজ, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, হাটহাজারী গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি।

সংশ্লিষ্ট কলেজ ও বোর্ডের বিভিন্ন শাখার কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের করা আবেদন ও কলেজ কর্তৃপক্ষের সুপারিশের যথাযথ পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের এ সিদ্ধান্তের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কলেজ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জেডএস

বিজ্ঞাপন