চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন স্থগিত থাকা ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পূর্বঘোষিত সূচি অনুযায়ী শুরু হবে– এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
কমিটি বলেছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি এবং প্রচারিত বিজ্ঞপ্তির সঙ্গে তাদের বা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নেই।
মঙ্গলবার (২১ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মা বানু সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’র নামে প্রচারিত বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু এ তথ্য সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।
এতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সঙ্গে ওই বিজ্ঞপ্তির কোনো সম্পর্ক নেই। পরীক্ষা–সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধু শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকারও অনুরোধ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা পোস্টকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছিলেন, বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। তবে পরীক্ষা পুনরায় শুরু করতে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বোর্ড।
তিনি বলেন, ‘পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি আছে। আমরা আন্তঃশিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের অনুমতি দিলে ইনশাআল্লাহ পরীক্ষা শুরু করব।’
বন্যা–পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়ক যোগাযোগের সমস্যা বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। একই সিদ্ধান্তের আওতায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত সিদ্ধান্তের পর পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
আরএইচটি/বিআরইউ
