বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী ২৭ জুলাই (সোমবার) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট অংশ বিদ্যমান সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
তবে বন্যার কারণে আগে যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেগুলোর নতুন সময়সূচি পরে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাম্প্রতিক বন্যার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের সমস্যাসহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল।
এতে আরও বলা হয়, বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৭ জুলাই থেকে অবশিষ্ট পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সব পক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
আরএইচটি/বিআরইউ
