দেশের ৬৪ জেলায় একটি করে পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (২৪ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনাজপুর সঙ্গীত কলেজে শিক্ষক সমাবেশে এ সিদ্ধান্তের কথা জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, একটি জাতির উন্নয়ন শুধু অর্থনৈতিক অগ্রগতির ওপর নির্ভর করে না৷ এর ভিত্তি নির্মিত হয় সুস্থ সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে। সুস্থ সংস্কৃতির চর্চা ও গুণগত শিক্ষার সমন্বয়ই একটি মেধাভিত্তিক, মানবিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে পারে।
ড. আমানুল্লাহ বলেন, বর্তমান বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা, নৈতিকতা ও সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের মনন, ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে শিক্ষা ও সংস্কৃতিকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
উচ্চশিক্ষা খাতের দীর্ঘদিনের সংকটের প্রসঙ্গ তুলে উপাচার্য বলেন, আমরা একটি ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থা পেয়েছি, যেখানে অনেক সময় নিজেরাও হতাশ হয়ে পড়েছিলাম। স্বাধীনতার ৫৪ বছর পর শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২ শতাংশ বরাদ্দ নিশ্চিত হয়েছে। কিন্তু শিক্ষা ও দক্ষতা উন্নয়নে আরও বিনিয়োগ বাড়াতে হবে। মানবসম্পদ উন্নয়নই টেকসই উন্নয়নের সবচেয়ে বড় ভিত্তি।
আলোচনা সভা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষিত চলমান ‘গ্রিন ক্যাম্পাস’ ও ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপাচার্য। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি বনজ ও একটি ফলদ গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. নওশের ওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার, প্রধান প্রকৌশলী মো. মিজানুর রহমান, উপাচার্য দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ মো. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।
আরএইচটি/এমএন
