বিজ্ঞাপন

৭ কলেজের সব সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তির দাবি

৭ কলেজের সব সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তির দাবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) সাবেক সাত কলেজের সব চলমান (রানিং) সেশনকে অন্তর্ভুক্ত করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় সাত কলেজের নিজ নিজ অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সময়ে সাতটি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে প্রতীকী তালা দেওয়ার কর্মসূচিও পালন করা হবে বলে জানিয়েছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সব চলমান সেশনকে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি দ্রুত হস্তান্তর প্রক্রিয়ার একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা শিক্ষার্থীদের জানাতে হবে। এ ছাড়া পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ইয়ার ফাইনাল পরীক্ষা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে, নিজ নিজ কলেজ ক্যাম্পাসে আয়োজনেরও দাবি জানিয়েছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই। কেবল বিশ্ববিদ্যালয়ের পরিচয় পরিবর্তন করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে পরীক্ষা গ্রহণ করতে হবে।

এদিকে আগামীকাল থেকে শিক্ষার্থীদের সমস্যা ও দাবি সরাসরি শুনতে বিভিন্ন ক্যাম্পাসে মতবিনিময় সভা করবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন। এর অংশ হিসেবে রোববার সকালে ঢাকা কলেজ অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ সভায় সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং নিজেদের দাবি-সংকট তুলে ধরতে আগ্রহী সব শিক্ষার্থীকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। 

বিষয়টি নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. আব্দুর রহমান বলেন, শুরু থেকেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সব রানিং সেশনকে অন্তর্ভুক্ত করার দাবিটি শিক্ষার্থীরা জানিয়ে আসছেন৷ আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনও সার্বিক বিষয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় বসবেন বলে জানিয়েছেন। আমরা প্রত্যাশা করছি আলোচনার মাধ্যমে সবগুলো সমস্যার সুন্দর সমাধান হবে৷

এর আগে, রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ২০২৬ সালে দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর গত ১০ এপ্রিল জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টির আইন পাস হয়।

আরএইচটি/এমএসএ