ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্যের কাছে সাত দফা দাবি তুলে ধরেছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এতে ৪৮ ঘণ্টার মধ্যে আইডি কার্ড বিতরণ, নিজ নিজ কলেজ ক্যাম্পাসে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা আয়োজন, পরীক্ষা পরিচালনা ও মূল্যায়নে কেন্দ্রীয় একাডেমিক কাউন্সিল গঠনসহ আবাসিক সুবিধা চালুর দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
রোববার (২৬ জুলাই) রাজধানীর ঢাকা কলেজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সাত কলেজের সব চলমান সেশনকে অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে দ্রুত হস্তান্তর প্রক্রিয়ার একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জানাতে হবে। এ ছাড়া পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে নিজ নিজ কলেজ ক্যাম্পাসে আয়োজনের দাবি জানিয়েছেন তারা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যের কাছে দেওয়া লিখিত দাবিপত্রে ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেওয়া, প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা নিজ নিজ কলেজ ক্যাম্পাসে নেওয়া, সাত কলেজের প্রতিটি বিভাগের শিক্ষকদের সমন্বয়ে কেন্দ্রীয় একাডেমিক কাউন্সিল বা পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি গঠন, একাধিক প্রশ্নপত্র সেট প্রস্তুত করে গোপনীয়তা নিশ্চিত করা, নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ, পরীক্ষা পরিচালনা ও মূল্যায়নে স্বচ্ছতা এবং প্রথম বর্ষ থেকেই আবাসিক সুবিধা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
এসময় শিক্ষার্থীরা আরও বলেন, পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই। শুধু বিশ্ববিদ্যালয়ের পরিচয় পরিবর্তন করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে পরীক্ষা গ্রহণ করতে হবে।
এদিকে শিক্ষার্থীদের সমস্যা ও দাবি সরাসরি শুনতে আজ থেকেই বিভিন্ন ক্যাম্পাসে মতবিনিময় সভা শুরু করছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন। এর অংশ হিসেবে আজ সকালে ঢাকা কলেজ অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ২০২৬ সালে দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর গত ১০ এপ্রিল জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টির আইন পাস হয়।
আরএইচটি/এমএসএ
