বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তিনজন পূর্ণকালীন সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সরকার।
রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে এ–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউজিসির পূর্ণকালীন সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।
প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার সই করেছেন৷
এর আগে, একই দিনে জারি করা পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে তিনজন শিক্ষাবিদকে চার বছরের জন্য নিয়োগ দেয় সরকার। তারা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মো. মেহেদী খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাস্কুলার সার্জারি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, তাদের নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তারা প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আরএইচটি/জেআই
