বিজ্ঞাপন

কেপিআইয়ের ভিত্তিতে মডেল কলেজ নির্বাচন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

কেপিআইয়ের ভিত্তিতে মডেল কলেজ নির্বাচন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজগুলোর কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে ‘মডেল কলেজ নির্বাচন ২০২৬’ কার্যক্রম শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নির্ধারিত কর্মসম্পাদনের প্রধান সূচকের (কেপিআই) ভিত্তিতে কলেজগুলোর পারফরম্যান্স মূল্যায়ন করে মডেল কলেজ নির্বাচন করা হবে।

সোমবার (২৭ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজগুলোর অধ্যক্ষদের আগামী ৩০ আগস্টের মধ্যে নির্ধারিত ওয়েব লিংকে প্রবেশ করে অথবা কলেজ পোর্টালে কলেজ কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর ‘মডেল কলেজ নির্বাচন তথ্য ছক’ যথাযথভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, মডেল কলেজ হিসেবে নির্বাচিত কলেজগুলোর তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কলেজগুলোকে অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হবে।

তথ্য জমা দেওয়ার জন্য নির্ধারিত ওয়েব লিংক হলো— https://collegeportal.nu.ac.bd/।

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর কলেজ র‍্যাঙ্কিং কার্যক্রম পুনরায় চালু করার উদ্যোগ নেওয়ার পর এবার অধিভুক্ত বেসরকারি অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজগুলোর জন্য পৃথকভাবে ‘মডেল কলেজ নির্বাচন ২০২৬’ কার্যক্রম শুরু করল জাতীয় বিশ্ববিদ্যালয়। এর আগে গত ১৪ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘বিশ্ববিদ্যালয় কলেজ র‍্যাঙ্কিং ২০২৫’ কার্যক্রমের ঘোষণা দেয়। ওই কার্যক্রমে, সরকারি ও বেসরকারি অনার্স কলেজগুলোর পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে জাতীয় পর্যায়ে ৮টি এবং বিভাগীয় পর্যায়ে প্রতিটি বিভাগ থেকে ১০টি করে মোট ৮৮টি সেরা কলেজ নির্বাচনের কথা জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ ২০১৮ সালে কলেজ র‍্যাঙ্কিং প্রকাশ করেছিল। সে সময় অধিভুক্ত ৮৮১টি স্নাতক কলেজের মধ্যে আবেদনকারী কলেজগুলোর মূল্যায়ন শেষে জাতীয় পর্যায়ে ৮টি এবং বিভাগীয় পর্যায়ে ৭৬টি কলেজ চূড়ান্তভাবে নির্বাচিত হয়। ওই র‍্যাঙ্কিংয়ে জাতীয় পর্যায়ে দেশের সেরা কলেজ হিসেবে নির্বাচিত হয়েছিল রাজশাহী কলেজ।

আরএইচটি/জেআই