বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দিয়েছেন নতুন নিয়োগ পাওয়া ৩ অধ্যাপক৷ তারা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. মেহেদী হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী।
সোমবার (২৭ জুলাই) সকালে ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামের কাছে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এর আগে গতকাল ২৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ (সংশোধিত)-এর ৪(১)(বি) ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়।
নবনিযুক্ত সদস্যদের মধ্যে অধ্যাপক মো. মেহেদী হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। ২০০৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।
অধ্যাপক ড. মো. আসলাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর জাপানের সাগা মেডিকেল স্কুল থেকে মাইক্রোবায়োলজিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিন দশকের বেশি সময়ধরে তিনি শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। তার ৫৪টি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোভাসকুলার অ্যান্ড লেজার সার্জারি বিভাগের চেয়ারম্যান। তিনি জাপানের হামামাতসু ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে ভাসকুলার সার্জারিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। চিকিৎসা, গবেষণা ও অ্যাকাডেমিক নেতৃত্বে তাঁর তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে।
নবনিযুক্ত সদস্যদের নিয়োগের মেয়াদ চার বছর। যা তাদের নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হয়েছে।
আরএইচটি/এমএন
