জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে নিজেদের প্রস্তুত করার লক্ষ্যে আইডিপি এডুকেশন বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
সোমবার (২৭ জুলাই) সকালে রাজধানীর গুলশানে আইডিপি এডুকেশন বাংলাদেশের প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক সই হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে এতে সই করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং আইডিপি এডুকেশন বাংলাদেশের পক্ষে সই করেন কান্ট্রি ডাইরেক্টর রাজিব মাহবুবুল।
চুক্তির আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি–সংক্রান্ত তথ্য, স্কলারশিপ বিষয়ে সহায়তা, উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং আইইএলটিএস প্রস্তুতি ও পরীক্ষাসংক্রান্ত সহযোগিতা দেবে আইডিপি বাংলাদেশ। পাশাপাশি যৌথভাবে বিভিন্ন সেমিনার, কর্মশালা, এডুকেশন ফেয়ার এবং আইইএলটিএস–বিষয়ক সচেতনতামূলক সেশনের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে এবং তাদের কাজের সুযোগ সম্প্রসারণে এই সমঝোতা স্মারক একটি সময়োপযোগী পদক্ষেপ। আইডিপি এডুকেশনের সঙ্গে এই অংশীদারত্বের ফলে আমাদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা পাবে।
আইডিপি এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর রাজিব মাহবুবুল বলেন, বিশ্বজুড়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে ৫০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে আইডিপি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুবিশাল শিক্ষার্থী গোষ্ঠীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, এই উদ্যোগ তরুণ শিক্ষার্থীদের আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনে নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলাম।
আইডিপি এডুকেশন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব আইইএলটিএস অপারেশনস ইলোরা শাহাব শর্মি, অস্ট্রেলিয়া সরকারের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ডাইরেক্টর মোস্তাফিজুর রহমান, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ম্যানেজার মমেনুর রহমান মইন, হেড অব মার্কেটিং মোহাম্মদ শিহাব তালুকদার এবং হেড অব সেলস অ্যান্ড অপারেশন আনোয়ার হোসেনসহ অন্যরা।
আরএইচটি/এমএন
