বিজ্ঞাপন

তিন সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

তিন সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

দেশের তিনটি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হলো— কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং নেত্রকোণা বিশ্ববিদ্যালয়।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমানকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হককে নিয়োগ দেওয়া হয়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে। এ ছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামানকে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনটি প্রজ্ঞাপনেই উপাচার্যদের নিয়োগের ক্ষেত্রে একই ধরনের পাঁচটি শর্ত নির্ধারণ করা হয়েছে। শর্ত অনুযায়ী, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তারা যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ, যেটি আগে হবে সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া, উপাচার্য হিসেবে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। পাশাপাশি রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

আরএইচটি/এসএএস