দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার বিধান অন্তর্ভূক্ত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
সোমবার (২৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পরও বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতার ঘাটতির কারণে অনেক শিক্ষার্থী চাকরির বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। এই ব্যবধান কমিয়ে উচ্চশিক্ষাকে আরও কর্মমুখী ও শিল্পবান্ধব করতে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে ইউজিসি।
ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করতে কমিশন পাঁচ বছর মেয়াদি একটি কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন করছে। এই পরিকল্পনায় দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে স্নাতকদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ ও ব্যবহারিক অভিজ্ঞতাভিত্তিক বিভিন্ন উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান জানান, শিক্ষার্থীদের দক্ষতার বর্তমান অবস্থা ও ঘাটতি চিহ্নিত করতে জাতীয় পর্যায়ে একটি সমীক্ষা পরিচালনা করা হবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম, শিক্ষণ-পদ্ধতি ও মূল্যায়ন ব্যবস্থায় প্রয়োজনীয় সমন্বয় আনা হবে, যাতে স্নাতকেরা পরিবর্তিত কর্মপরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে দীর্ঘমেয়াদি কার্যকর অংশীদারত্ব গড়ে তুলতে ইন্টার্নশিপ কর্মসূচিতে শিল্পপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পৃক্ত করা হবে। সরকার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যৌথভাবে ইন্টার্নশিপ কর্মসূচিতে আর্থিক সহায়তা দেবে। পুরো কার্যক্রমের নীতিগত সমন্বয়, তদারকি ও বাস্তবায়ন সহযোগিতার দায়িত্ব পালন করবে ইউজিসি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাল উদ্দিন আহমেদ লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকির হোসেন হাওলাদার। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবিরকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় আরও বক্তব্য দেন অধ্যাপক ড. রফিকুর রহমান, অধ্যাপক ইশতিয়াক মাহমুদ, অধ্যাপক ড. মামুন রশিদ, অধ্যাপক ড. জেবা ইসলাম সিরাজ, অধ্যাপক আনোয়ারুল আজিম, অধ্যাপক ড. আফতাব উদ্দিন এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল করিম।
আরএইচটি/জেআই
