২০২৭ সালের এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) নবম-দশম এবং এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোক) ও ডিপ্লোমা ইন কমার্স একাদশ-দ্বাদশ শিক্ষাক্রমের সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের জন্য আগ্রহী শিক্ষকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড।
মঙ্গলবার (২৮ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত ‘বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের বিভিন্ন শিক্ষাক্রমের প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৪’–এর ১.২ (ক) ধারা অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নকারী ও মডারেটর মনোনয়নের লক্ষ্যে গুগল ফরমের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাক্রমের প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনে আগ্রহী শিক্ষকরা আগামী ১৩ আগস্টের মধ্যে নির্ধারিত গুগল ফরম পূরণ করে আবেদন জমা দিতে পারবেন। আবেদনকারীদের ই-মেইল বা হার্ডকপি পাঠানোর প্রয়োজন হবে না।
বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুধু নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে গ্রহণ করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার লিংক হলো — https://forms.gle/aJJxy6PDBkmQHJBW8।
আরএইচটি/এমএন
