বিজ্ঞাপন

চট্টগ্রামে জমকালো উদ্বোধনে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

চট্টগ্রামে জমকালো উদ্বোধনে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আগামী ৯ আগস্ট চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬।

মঙ্গলবার (২৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতাটি উপজেলা বা থানা, জেলা, শিক্ষা অঞ্চল এবং জাতীয়— এই চারটি ধাপে অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের বালক ও বালিকাদের জন্য পৃথকভাবে এ টুর্নামেন্ট আয়োজন করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী ৫ আগস্টের মধ্যে নিবন্ধন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র, প্রধান শিক্ষকের অগ্রায়নপত্র এবং দল গঠনের তথ্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের দল গঠন কার্যক্রম চলবে ২ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের দল গঠন সম্পন্ন হবে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবরের মধ্যে। উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিভাগের খেলা অনুষ্ঠিত হবে ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত, আর উচ্চ মাধ্যমিক বিভাগের খেলা হবে ৬ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত।

উপজেলা, জেলা ও শিক্ষা অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব আগামী ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে ১৬ জন খেলোয়াড় এবং ২ জন শিক্ষক বা কর্মকর্তা থাকবেন। সব ম্যাচ নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ম্যাচের নির্ধারিত সময় থাকবে ৯০ মিনিট।

আরএইচটি/এসএএস

বিজ্ঞাপন