চলতি বছরের আলিম পরীক্ষার ব্যবহারিক বিষয়ের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রোববার (২ আগস্ট) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত এই সময়ের মধ্যেই সব ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৫ আগস্টের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর অনলাইনের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে। একইসঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে যথাসময়ে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও সংশ্লিষ্ট কাগজপত্র হাতে হাতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম শাখায় জমা দিতে হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের নিজ নিজ দায়িত্বে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জেনে নিতে হবে। এছাড়া ব্যবহারিক উত্তরপত্রে প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র কোড লিখতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বন্যার কারণে স্থগিত হওয়া আলিম পরীক্ষাগুলো আগের সময়সূচির ধারাবাহিকতায় বাংলা দ্বিতীয় পত্র (বিষয় কোড-২৩৭) দিয়ে শুরু হবে। এসব স্থগিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।
আরএইচটি/জেডএস
